ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা ফের বিক্ষোভে

আবারও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। নতুন বছরে প্রথমবারের মতো শনিবার প্যারিসের রাস্তায় নামে সাড়ে তিন হাজার মানুষ। শহরের কেন্দ্রস্থল শঁজে এলিজে জড়ো হয়ে তারা সরকারবিরোধী স্লোগান দেন। সিএনএনের খবরে বলা হয়, প্যারিসসহ কয়েকটি শহরে এ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের আমলে জ্বালানি কর ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ১৭ নভেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ আট সপ্তাহ পূর্ণ করেছে। ট্যাক্সিচালকদের মতো হলুদ রঙের জ্যাকেট পরে অংশ নেওয়ায় এ বিক্ষোভ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন নামে পরিচিতি পায়।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এদিনের সহিংসতায় সিন নদীতে ভাসমান একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। এ ছাড়া বেশকিছু গাড়ি ভাঙচুর ও সেগুলো পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩৪ জনকে আটকের কথা জানিয়েছে। এর আগে গত বুধবার ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অন্যতম নেতা এরিক দ্রোয়েতকে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনি সমাবেশের আয়োজন ও অস্ত্র বহনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।