সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব: ড. মোমেন

নতুন সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ড. এ কে আবদুল মোমেন বলেছেন, তিনি এই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। গতকাল রবিবার মন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশ রূপান্তরকে এ কথা বলেন তিনি। সিলেট অঞ্চল থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মোমেন। নাম ঘোষণার পর তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছি। এবারও নিজের সর্বোচ্চটা দিয়ে সে চেষ্টাই করব।’ ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সিলেট অঞ্চলের রাজনীতিক প্রয়াত আবদুস সামাদ আজাদ।

মোমেন পররাষ্ট্র বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এমন আলোচনা সিলেটে আগে থেকেই চলছিল। বিশেষ করে তার বড় ভাই আবুল মাল আবদুল মুহিত টানা ১০ বছর অর্থমন্ত্রী হিসেবে কাজ করায় এবার উত্তরাধিকার হিসেবে মোমেন এই পদ পেতে পারেন বলে গুঞ্জন ছিল। মোমেনের অর্থনীতিতে পিএইচডি থাকায় গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে। তবে শেষ পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন কাজ করা এই কূটনীতিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দিলেন।

একাদশ সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর-সদর) আসনে মহাজোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আওয়ামী লীগ নেতা ড. এ কে আবদুল মোমেন।