একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গতকাল রবিবার নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন এ মন্ত্রিপরিষদে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ১৯৯৬ সালের পর নরসিংদী-৪ আসনের মানুষ আবার মন্ত্রী পেল। গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন এবং ৬৯ এর গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের অগ্রণী ভূমিকা ছিল। যুবলীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি যুবলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে নেতৃত্ব দেন। তিনি ১৯৮৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সাংসদ নির্বাচিত হন। মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন বলেন, প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপিকে যথাযথ মূল্যায়ন করার জন্য। এতে মনোহরদী-বেলাববাসীর দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হয়েছে। বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূঞা রিটন বলেন, পূর্ণ মন্ত্রী করে হুমায়ূন ভাইকে রাজনৈতিকভাবে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। গতকাল নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি মনোহরদী ও বেলাব এলাকার প্রত্যেককে।’