মেসি করলেন লা লিগা ক্যারিয়ারের ৩৯৯তম গোল। সুয়ারেজ জালের দেখা পেলেন জাদুকরী এক ভলিতে। সহজ জয়ে শীর্ষে থাকা বার্সা পয়েন্ট টেবিলে চলে গেল পাঁচ পয়েন্ট দূরে।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে বছরের প্রথম জয়ের পথে মেসিরা গেতাফেকে হারিয়েছে ২-১ গোলে।
এই জয়ে ১৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪০। সেভিয়ার মাঠে ১-১ গোলে ড্র করা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১।
রিয়াল সোসিয়েদাদের কাছে নিজেদের মাঠে ০-২ গোলে হারা রিয়াল মাদ্রিদ ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে।
বার্সা এদিন ২০তম মিনিটে এগিয়ে যায়। ডি-বক্সে প্রথম টাচ নিখুঁত করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। মৌসুমে এটি তার ১৬তম গোল।
৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। বক্সের বাইরে ফিরতি বল পেয়ে ডান পায়ের বিদ্যুৎ গতির ভলিতে বল জালে পাঠান তিনি।
প্রথমার্ধের মিনিট দুয়েক আগে গেতাফের হাইমে মাতা এক গোল শোধ দিলেও সমতায় ফিরতে ব্যর্থ হয় দলটি।