যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে স্বামী আনিসুর রহমানের মারধরে আহত শিউলী খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে। পাঁচ দিন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

শিউলি ওই উপজেলার বড় ডাউটিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।

নিহতের ভাই শামীম জানান, ১৩ বছর আগে বড় ডাউটিয়া গ্রামে আনিসুর রহমানের সাথে শিউলি খাতুনের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই শিউলির উপর নির্যাতন করতেন স্বামী আনিসুর।

শামীম বলেন, গত ৩ জানুয়ারি সকালে শিউলিকে আনিসুর বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা আনতে বলেন। এতে শিউলি রাজি না হলে তাকে শারীরিকভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস আলী জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিউলির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।