র‌্যাকেট-ফেদারে লোকমানের স্বপ্ন

সিলেটের প্রত্যন্ত এলাকায় জন্ম, বেড়ে ওঠা। শীত এলেই বাড়ির উঠোনে বড় ভাইদের দেখেছেন ব্যাডমিন্টন খেলতে। অন্য অনেক খেলার মাঝে এই খেলাটায় মনে ধরে যায়। আর এটাকে ঘিরেই এখন স্বপ্ন আবর্তিত আবদুল হামিদ লোকমানের। ১৭ বছরের ছেলেটি তাক লাগিয়ে দিয়েছেন সম্প্রতি দেশের মাটিতে ইউনেক্স-সানরাইজ জুনিয়র বাংলাদেশ ওপেনের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়ে। ফাইনালে স্বদেশি সিবগাতউল্লাহকে হারিয়ে উঠে এসেছেন জুনিয়র বিশ্ব র‌্যাংকিংয়ে ৫০তম স্থানে। ইতিহাসে যা কোনো বাংলাদেশি শাটলারের জন্য সর্বোচ্চ র‌্যাংকিং। আগে পাড়া-মহল্লায় খেলতেন। ২০১৪ সালে আধুনিক ব্যাডমিন্টনের দীক্ষা নেন স্থানীয় কোচ গোপাল সিনহার কাছ থেকে। পরের বছর যোগ দেন জাতীয় চ্যাম্পিয়ন এনামুল হকের পাঠশালায়। সেখানেই বেড়ে উঠেছেন এই ব্যাডমিন্টন প্রতিভা। নিজের আদর্শের কাছ থেকে নিচ্ছেন বড় হয়ে ওঠার তালিম। ২০১৬ জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরের বছর যুব বাংলাদেশ গেমসে সিবগাতউল্লাহর কাছে ফাইনালে হারেন। কিন্তু আন্তর্জাতিক আসরে সেই প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই দিয়েছেন নতুনের আগমনী বার্তা। দেশের ব্যাডমিন্টনের সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে জ্বলতে চান মাদ্রাসাশিক্ষক আবদুল মান্নানের চার ছেলের সবচেয়ে ছোট লোকমান। তাই তো প্রতিদিন চার ঘণ্টা পথ পাড়ি দিয়ে অনুশীলনটা ঠিকই চালিয়ে যাচ্ছেন তিনি।