বকেয়া বেতন-ভাতা এবং মজুরি কাঠামো পুনর্গঠন ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকরা সড়কে জড়ো হতে থাকে। একপর্যায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়কের এক পাশে সরিয়ে দেয়। এর পর থেকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ মাহমুদ বলেন, ‘পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। তারা সড়কের একপাশে অবস্থান নিয়েছে। গান-বাজনাও করছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
একই দাবিতে রোববার থেকে রাজধানীর উত্তরা, দক্ষিণখান, গাজীপুর ও সাভারে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছে।
এদিকে সাভারের হেমায়েতপুরে বেতন বৈষম্যের অভিযোগ এনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে।
পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে শ্রমিক ও পুলিশসহ আহত হন অর্ধশতাধিক।