ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

গোপালগঞ্জে ইঁদুর মারার জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আলী আজম সরদার (৫০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের বিলের মধ্যে একটি জমির বীজতলার পাশ থেকে বিদ্যুতায়িত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

মৃত আলী আজম বাবরগাতী গ্রামের সিদ্দিক সরদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও গোপালগঞ্জ সদর থানার এসআই মো. বকুল হোসেন জানান, মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের মৃত আমজাদ আলী শেখের ছেলে মিকাইল শেখ ও নূর ইসলাম শেখ বিলের মধ্যে ধানবীজ তলায় ইঁদুর মারার জন্য খোলা জি-আই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ পাতে।

মঙ্গলবার খুব ভোরে আলী আজম সরদার ওই ফাঁদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।