সাভারে সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত

সাভারে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করলেও ওই শ্রমিক তাদের গুলিতে নিহত হয়নি বলে দাবি করেছে পুলিশ।

সরকার ঘোষিত বেতন কাঠামো পুনর্গঠন ও বাস্তবায়নের দাবিতে রোববার থেকে বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে সাভারের কয়েকটি স্থানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে উলাইল এলাকার আন-লিমা গার্মেন্টসের সামনে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে আহত হন সুমন মিয়া (২২)। তিনি ওই গার্মেন্টসেরই একজন কর্মী।

গুলিবিদ্ধ সুমনকে পুলিশ ও তার সহকর্মীরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, সুমন মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরই চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শরীফুল ইসলাম বলেন, ‘পুলিশসহ সহকর্মী রিপন বিকেল সোয়া ৪টার দিকে সুমনকে হাসপাতালে নিয়ে আসে। তার বুকের বাম পাশে গোল চিহ্ন দেখা গেছে। ধারণা করছেন, এটি গুলিই হবে।’

তিনি আরও জানান, মোহাম্মদ মুকুল নামে আরেক পোশাক শ্রমিককে ঊরুর পেছনে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ছেড়ে গেছেন।

জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল এই প্রতিবেদককে বলেন, ‘এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে জানাচ্ছি।’

এবিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা শামিনুর রহমান বলেন, ‘ওই গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে আমাদের গোলাগুলির কোনো ঘটনাই ঘটেনি। একজন ব্যক্তি মারা গেছেন শুনেছি, তবে শ্রমিক কিনা নিশ্চিত নই। কীভাবে মারা গেছেন সেটাও আমাদের জানা নেই।’