নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার, আটক-১

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর নিশান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিশান স্থানীয় বারেক ব্যাপারীর ছেলে। নিহতের স্ত্রী বিউটি আক্তার এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নিশানের বন্ধু মো. নোমান হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে নোমান ও তার আরও এক সহযোগীসহ নিশানকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তার খোঁজ পায়নি পরিবার। মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান জানান, নিশানের লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।