ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় সাজার বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন তৃণমূল বিএনপির সভাপতি, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে এ আবেদন করেন তিনি। এর ওপর শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান। আদালতে নাজমুল হুদার পক্ষে ছিলেন তার স্ত্রী আইনজীবী সিগমা হুদা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। এই মামলায় গত ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আইনজীবীরা জানান, একটি সাপ্তাহিক পত্রিকার জন্য মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা হয়। একই বছর ২৭ আগস্ট মামলার রায়ে নাজমুল হুদাকে সাত বছর ও তার স্ত্রীকে তিন বছরের কারাদন্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে শুনানি নিয়ে ২০১১ সালের মার্চে হাইকোর্টের একটি বেঞ্চ হুদা দম্পতিকে খালাস দেয়।