বাগেরহাটে ঠান্ডাজনিত রোগ বাড়ছে। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালে ভর্তি হয়েছে দেড় শতাধিক রোগী। গত এক সপ্তাহে নারী-শিশু-বৃদ্ধসহ নয় শতাধিক রোগী ভর্তি হয়ে সেবা নিয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও নারীই বেশি। এই রোগীর অধিকাংশ শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় রোগীদের ফ্লোরে জায়গা দিতে হচ্ছে। তবে এতে ভয় না পেয়ে বরং সাবধনতা অবলম্বন করতে রোগীদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট গ্রামের শিউলী বেগম বলেন, ঠান্ডা লেগে আমার আট মাস বয়সী ছেলের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। সে এখন সুস্থ স্বাভাবিক রয়েছে।’ সদর উপজেলার পাঁচ মাস বয়সী আরেক শিশু মারিয়াকে ভর্তি করেছেন মা রহিমা বেগম। তিনি বলেন, শীতের ঠান্ডা লেগে সর্দি, কাশির সঙ্গে জ্বর ও শ্বাসকষ্ট বেড়েছে। তিন দিনে না কমায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান বলেন, প্রচণ্ড-ঠাণ্ডার কারণে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ১৫৪ রোগীকে ভর্তি করা হয়েছে। গত এক সপ্তাহে প্রায় ৮০০ থেকে ৯০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাই বেশি। দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই রোগীদের চিকিৎসা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা ভালো সেবাটাই দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।