দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন (২০ জানুয়ারি) ‘জি’ ইউনিট (তিন শিফট) এবং ‘সি’ ইউনিট(বিজনেস স্টাডিজ), ২১ জানুয়ারি ‘এফ’ ইউনিট (দুই শিফট) এবং ‘সি’ ইউনিটের (দুই শিফট: বিজ্ঞান ও মানবিক)। ২২ জানুয়ারি ‘বি’ ইউনিট (দুই শিফট) এবং ‘ডি’ ইউনিট (দুই শিফট) এবং শেষের দিন ২৩ জানুয়ারি ‘এ’ ইউনিটের (তিন শিফট) ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম শিফট, এরপর সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর ১টা ৩০ মিনিট হতে বিকেল ৩টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকেল ৩টা ৩০ মিনিট হতে বিকেল ৫টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা শাখার কর্মকর্তা মো. রাশেদ ফারুক জানান, এবার ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ২ হাজার ৫ জন শিক্ষার্থী ভর্তি হবার সুযোগ পাবেন। ২ হাজার ৫টি সিটের বিপরীতে এবার ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ১৯২ জন বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) পাওয়া যাবে।