কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ২৫ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হল—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
এবার বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪০১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি।
ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
অনলাইনে আবেদন করতে হবে কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (acas.edu.bd) থেকে।