কাউখালী সদর সড়কে খানাখন্দ ড্রেন বেহাল

বছরজুড়ে খোঁড়াখুঁড়ির কারণে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের প্রধান দুটি সড়ক খানাখন্দে ভরে গেছে। অন্যদিকে বর্জ্য অপসারণের জন্য নালা (ড্রেন) কেটে রাখা হলেও বছরের পর বছর সংস্কারহীন পড়ে থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। একটি সড়ক চিরাপাড়া সেতু থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার দিয়ে উত্তর বাজার লঞ্চঘাট পর্যন্ত গেছে। ওই সড়কের পাশে ড্রেন নির্মাণের জন্য গোটা সড়কের পাশে মাটি খনন করে কিছু অংশে ড্রেন নির্মাণ করা হয়। বাকি অংশ খনন করা অবস্থায় এবং নির্মাণ করা ড্রেনের ওপর স্লাব স্থাপন না করেই হঠাৎ কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্য সড়কটি চিড়াপারা সেতু থেকে ডাকবাংলো, উপজেলা পরিষদের পাশ দিয়ে সরকারি বালিকা বিদ্যালয় হয়ে আশ্রম পর্যন্ত গেছে। এ সড়কটির কাজও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। দুটি কাজই করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিটিএসএল-মিত্রি সংস্থা। বছর খানেক আগে শুরু হওয়া কাজ এখনো শেষ না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে।

দক্ষিণ বাজারের মুদি ব্যবসায়ী আজিজ মিয়া, হারুন, করিম ও মেকার মোক্তার হোসেন জানান, সড়কটির পাশে ড্রেন নির্মাণের জন্য এমন ভাবে মাটি কাটা হয়েছে যাতে সড়কের অর্ধেকটা নালায় পরিণত হয়েছে। দীর্ঘদিন উন্মুক্ত রাখার ফলে ড্রেনগুলো ভাগাড়ে পরিণত হয়েছে। এ থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম রতন খান ও দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম মাওদুদ খান জানান, উপজেলা প্রকৌশলী এবং ঠিকাদারকে জনদুর্ভোগের বিষয়টি জানানো সত্ত্বেও রাস্তা ও ড্রেনের কাজে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

কাউখালী উপজেলা উপসহকারী প্রকৌশলী দ্বীন মোহাম্মদ খান জানান, জলবায়ু প্রকল্পের আওতায় রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ চলছে। নতুন করে বরাদ্দ না থাকায় ঠিকাদার কাজ করতে পারছেন না।