দুই তরুণীর লাশ উদ্ধার

সদর উপজেলার ফতুল্লা এলাকায় দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পুলিশ পৃথকভাবে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, ফতুল্লার ভোলাইল এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২০ বছর, পরনে সোয়েটার, পায়জামা ও চাদর রয়েছে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা ওই তরুণীকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে।

অন্যদিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক উত্তম জানান, উপজেলার ঢালীপাড়া এলাকার মাসুদ মিয়ার ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষের মেঝে থেকে কুলসুম আক্তার (২৫) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। কুলসুম তার স্বামীকে নিয়ে ঢালীপাড়া এলাকার মাসুদ মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টসে কাজ করতেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী মামুন পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।