নদীতে গোসলে নেমে নিখোঁজ শতবর্ষী নারীর লাশ উদ্ধার 

আপডেট : ০৪ জুন ২০২৬, ১১:০৯ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্টের কাছে করতোয়া নদী থেকে পুলিশ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে মায়া রাণী নামের শতবর্ষী নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে। তিনি উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণু পদ শীলের স্ত্রী। 

গত মঙ্গলবার (২ জুন) বিকেল ৪ টার দিকে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার লাশ উদ্ধার করা সম্ভব হয় নি। পরে আজ ভোরে গাড়াদহ ব্রীজের উপর থেকে পথচারীরা নদী দিয়ে লাশ ভেসে যেতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। 

এ বিষয়ে নিহত মায়া রাণীর ছেলে নব চন্দ্র শীল জানায়, গত ২ জুন (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে তার মা শতবর্ষী মায়া রাণী বাড়ির পাশের করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন ও পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়ে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি। পরে গতকাল বুধবার বিকেলে নদীর ভাটির দিকে খুঁজতে এসে গাড়াদহ বকুলতলা ব্রীজের আশপাশের লোকজনের কাছে আমাদের মোবাইল ফোন নম্বর দিয়ে বলে যাই নদীতে লাশ ভেসে যেতে দেখলে যেন তারা আমাদের একটু ফোন দিয়ে জনায়। এরপর আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার দিকে একজন লাশ ভেসে যেতে দেখে আমাদের ফোন দেয়। ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে দেখি লাশটি আমার মায়ের। এ সময় নিহত মায়া রাণীর নাতী আসীষ কুমার শীল ও নাত জামাই সম্ভু শীল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আজিজুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানসয় নেওয়া হয়েছে। আইনগত পদক্ষেপ শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত