শুরুর একাদশে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন ভিনিসিউস জুনিয়র। নিজে গোল করেছেন; করলেনও। ব্রাজিলিয়ান এই তরুণের নৈপুণ্যে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে প্রতিপক্ষটিকে ৩-০ গোলে হারায় সান্তিয়াগো সোলারির দল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে স্পটকিক থেকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় রিয়াল। ২০১৯ সালে এটাই তাদের প্রথম জয়।
ম্যাচের ৪২তম মিনিটে রিয়ালের স্প্যানিশ রাইটব্যাককে আলভারো অদ্রিওসোলাকে সেভিয়ার মিডফিল্ডার ডি-বক্সে বাজেভাবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগ মিস করেননি রিয়াল অধিনায়ক সের্হিও রামোস। চলতি মৌসুমে স্পটকিক থেকে এই নিয়ে ছয়টি গোল করলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। গোলরক্ষকের উদ্দেশে বাড়ানো বল দৌড়ে এসে দখলে নেন করিম বেনজেমা। পাস দেন ভিনিসিউসের উদ্দেশে। তিনি নিজে শট না নিয়ে গোলটি করান লুকাস ভাসকেসকে দিয়ে।
ম্যাচের ৭৭তম মিনিটে নিজে গোল করেন ভিনিসিউস। অদ্রিওজোলার ক্রস থেকে দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত গ্রীষ্মে রিয়ালে নাম লেখানোর পর চলতি মৌসুমে এই নিয়ে তিনটি গোল করলেন এই ব্রাজিলিয়ান তরুণ।
আগামী বুধবার প্রতিযোগিতাটির শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।