ছিয়াশির অস্ট্রেলিয়া ফিরছে আবার! ২০১৯ সালে দাঁড়িয়ে ৩৩ বছর আগের অস্ট্রেলিয়া দলের দেখা পেতে যাচ্ছে এবার দর্শকরা। বিস্ময়কর হলেও ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘটতে যাচ্ছে এমনই কিছুই!
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৭১ বছরে যা পারেনি ভারত, সেটিই এবার করে দেখিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। শুধু নিজেদের ইতিহাসেই নয়, উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছে তারা। চার ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করে নেওয়ার পর এবার ওয়ানডে লড়াইয়ে নামবে ভারত।
সিডনিতে ১২ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর এই ম্যাচে পুরোনো দিনের সোনালি স্মৃতি ফিরিয়ে আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ১৯৮৬ সালের দলটার সবুজ এবং সোনালি রঙের জার্সি পড়ে মাঠে নামবে তারা। যে জার্সি পরে খেলেছেন অ্যালান বোর্ডারের নেতৃত্বাধীন দল। ক্রিকেটের প্রবীণ দর্শকরা অ্যালান বোর্ডারের দলকে দেখার অপেক্ষায় রোমাঞ্চিত হতেই পারেন।
সিডনিতে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ও কোহলির অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ১২ জানুয়ারি। ১৯৮৬ সালের এই দিনেই ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল বোর্ডারের অস্ট্রেলিয়া ও কপিল দেবের ভারত।
সেই সিরিজটি অবশ্য ছিল ত্রিদেশীয়। ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে ছিল নিউজিল্যান্ড। সিরিজের ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া ও ভারত। দুই লেগের ফাইনালে দুই ম্যাচেই জিতেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে সব মিলে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হয়েছি মোট সাত বার। যার পাঁচটিতেই জেতে অস্ট্রেলিয়া। দুইবার ভারত।
এখনকার অস্ট্রেলিয়া দলের অবশ্য সেই দাপট নেই। তা সোনালি দিনের জার্সি কি ফিরিয়ে আনতে পারবে অজিদের বর্ণিল পারফরম্যান্সকে।