সাভার উপজেলার আমিন বাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের রাশেদকে (এসিল্যান্ড) ‘ভাই’ সম্বোধন করায় লাঞ্ছনার শিকার হয়েছেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার কার্যালয়ে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটে।
বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, ''বৃহস্পতিবার দুপুরে মাসিক আইনশৃঙ্খলা মিটিং শেষ করে আমিন বাজার সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে পরিচিত হতে তার কার্যালয়ে যাই। সেখানে যুবায়ের রাশেদকে না পেয়ে পাশের কক্ষে খোঁজ করি। এক পর্যায়ে আমি যাকে খুঁজছি তার কাছে গিয়েই জিজ্ঞেস করি, ‘যুবায়ের ভাইকে দেখেছেন কিনা?’ এসময় তাকে ভাই বলায় উত্তেজিত হয়ে বলেন, ‘আমার বাবার ঘরে তো আমি আর আপনি। তাই আপনি আর আমি দুই ভাই’।”
“এ সময় আমি জানতে চাই, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, আপনাকে চিনি না বলে পরিচিত হওয়ার জন্য এসেছি। আপনি আমার সঙ্গে ভালো করে কথা না বলে অভদ্র ব্যবহার করছেন। তখন তিনি আমার দিকে তেড়ে এসে বলেন, ‘আপনার কাছ থেকে কি আমাকে ভদ্রতা শিখতে হবে’। এক পর্যায়ে স্থানীয়রা এসে আমাকে সরিয়ে নিয়ে যায়”।
প্রত্যক্ষদর্শী সাভার সাব-রেজিস্ট্রি অফিসের নকল-নবিশ জাকির আল মামুন বলেন, আমিন বাজার সার্কেলের এসিল্যান্ড যুবায়ের রাশেদ এবং বিরুলিয়া ইউপি চেয়ারম্যানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।
তিনি জানান, এ সময় ভূমি অফিসের অন্য কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা তাদের সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যুবায়ের রাশেদ বলেন, ভুল বোঝাবুঝির কারণে এবং একে-অপরকে না চেনায় একটু সমস্যা হয়েছিল। পরে মীমাংসা হয়ে গেছে।
এবিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান তা এড়িয়ে যান। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। দু’জনের মধ্যে একটু কথাকাটাটি হয়েছে।