সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবদুস সবুর মোল্লাকে (৫২) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দ-প্রাপ্ত আসামি আবদুস সবুর মোল্লা কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের বাসিন্দা। নিহতের নাম রোমেছা খাতুন। তিনি কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামের মৃত মেহের আলি সরদারের মেয়ে।
মামলার বাদী নিহতের ভাই জালাল উদ্দিন জানান, সবুর মোল্লার সঙ্গে তার বোনের বিয়ের পর তারা জানতে পারেন, তার আরো একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তার ভগ্নিপতি কুমারনাল গ্রামে প্রথম স্ত্রীকে রেখে তার বোনকে নিয়ে মুরারিকাটির বাসায় থাকতেন। তার বোন রোমেছা এলজিইডির একটি প্রকল্পের শ্রমিকের কাজ করতেন। বেতন পাওয়ার পর ভগ্নিপতি বেতনের টাকা নেওয়ার জন্য তার বোনকে প্রায়ই মারধর করতেন। বেতনের টাকা স্বামীকে না দেওয়ায় ২০১২ সালের ২৪ আগস্ট তার বোনকে শ্বাসরোধে হত্যা করে সবুর মোল্লা। ওই দিনই এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর তিনি (জালাল) বাদী হয়ে কলারোয়া থানায় ভগ্নিপতির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।