রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথ সহজ হবে না সেরেনা উইলিয়ামসের। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে চ্যালেঞ্জিং ড্র অপেক্ষা করছে তার জন্য। ১৬তম বাছাই হিসেবে মার্গারেট কোর্টের সর্বোচ্চ শিরোপার রেকর্ড ছোঁয়ার পথে ছুটবেন এই যুক্তরাষ্ট্র তারকা। প্রথম ম্যাচে জার্মানির তাতানা মারিয়া তার প্রতিদ্বন্দ্বী। শুরুতে সহজ পেলেও দ্বিতীয় রাউন্ড থেকে কঠিন প্রতিপক্ষরা বাধা হয়ে দাঁড়াবেন সেরেনার। প্রথম রাউন্ডের পর কানাডিয়ান ইউজিন বুশার্ড, চতুর্থ রাউন্ডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা সিমোনা হালেপ ও শেষ আটে ক্যারোলিন প্লিসকোভার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীর।
এদিকে পুরুষ এককে সেমিফাইনালেই বিগ ম্যাচ দেখার সুযোগ থাকছে। ড্র অনুযায়ী টুর্নামেন্ট এগোলে সেমিফাইনালে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের লড়াই হয়ে যেতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার তিন নম্বর বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করবেন। তুলনামূলক সহজ ড্রই পেয়েছেন ২০ বারের শিরোপাজয়ী। র্যাংকিংয়ে ৯৯তম ডেনিস ইস্তোমিনকে দিয়ে সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন অভিযান শুরু করবেন ফেদেরার। একই সংখ্যক শিরোপা অভিযানে নামবেন বর্তমান নাম্বার ওয়ান নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেলেও দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে পেতে পারেন তিনি।
দ্বিতীয় বাছাই নাদাল স্বাগতিক জেমস ডাকওর্থের সঙ্গে লড়াই দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন। গতবারের রানারআপ মারিন সিলিচ শুরুতেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে। স্বাগতিক তারকা বার্নার্ড টমিচের সঙ্গে বিগ ম্যাচে লড়বেন তিনি। প্রথম রাউন্ডে আরেকটি রোমাঞ্চকর লড়াই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান নিক কিরগিওস ও কানাডিয়ান মিলোস রাওনিচের মধ্যে। এদিকে অ্যান্ডি মারে পেয়েছেন স্প্যানিশ রবার্তো বাতিস্তা অগুতকে। ক’দিন আগেই জকোভিচকে হারানোর সাফল্য আছে তার।