ট্রাকের ধাক্কায় অভিনেত্রী অহনা আহত

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। গত বুধবার মধ্যরাতে উত্তরা লেকড্রাইভ রোডের ৭ নম্বর সেক্টরে পাথরবোঝাই একটি ট্রাক তার গাড়িটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল দুপুরে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন অহনার বোন ইয়াসমীন মিতু।

অহনা বর্তমানে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, মামলার আসামি ট্রাকচালককে খোঁজা হচ্ছে। 

অহনার মা বিউটি বেগম জানান, পুরান ঢাকার একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে ড্রাইভ করে উত্তরার বাসায় ফিরছিলেন অহনা। লেক ড্রাইভ রোডে রাত সোয়া ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে ধাক্কা দিলে সে উত্তেজিত হয়ে গাড়ি থেকে বের হয়ে চালককে ট্রাক থেকে নামতে বলে। কিন্তু চালক না নেমে অহনার গাড়িকে আবার ধাক্কা দেয়।