সাভারে চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে উঠেছে যুবলীগ কর্মী রাসেল মাদবর ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারী ও শিশুসহ গুলিবিদ্ধ সাতজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় এ ঘটনা ঘটেছে।
সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। গুলিবিদ্ধরা হলেন সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মতিন মিয়ার ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অপু আহমেদ (২৩), মজিদপুর মহল্লার ইসমাইল (২৭), রেজাউল করিম (২৮), সুমাইয়া আক্তার (২২) ডলি আক্তার (৩৯), আলেয়া পারভীন (২৮) ও শরীফ (২৬)।