সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা সরানো শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির একজন মুখপাত্র। তবে কোন অঞ্চল থেকে কখন সেটি শুরু হয়েছে, তা জানাননি তিনি।
এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে কর্নেল শান রায়ান বলেন, ‘জোট থেকে আমাদের সেনা সরানো ইতিমধ্যে শুরু হয়েছে। নিরাপত্তার খাতিরে আমরা সময় এবং স্থানের নাম বলছি না।’
সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনাবাহিনীর দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে। সেখান থেকে আইএস হটাতে তারা স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে।
গত জানুয়ারি মাসে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সিরিয়া নিয়ে নতুন মার্কিন কৌশল ঘোষণা করেন। এরপর সিরিয়া যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। টুইটারে সেই ঘোষণাও দেন তিনি।
ট্রাম্পের ঘোষণার পর সেনা সরানো নিয়ে নানা ধরনের মন্তব্য আসতে থাকে। শেষ পর্যন্ত এই প্রথম সেনা সরানোর খবর আসল।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাও সেনা সরানোর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির প্রধান রামি আবদেল বলেন, ‘বৃহস্পতিবার হাশেখ প্রদেশ থেকে কিছু আমেরিকান সেনা সরানো হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর এই প্রথম কোনো অঞ্চল থেকে সেনা সরানো হল।’