বিশ্রাম দেওয়া হতে পারে নেইমার-এমবাপেকে

পিএসজির পরের ম্যাচে নেইমার ও কিলিয়ান এমবাপেকে নাও দেখা পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ টমাস টুখেল। বিশ্রাম দেওয়া হতে পারে দলটির আক্রমণভাগের এই তারকা খেলোয়াড়কে।

লিগ ওয়ানে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় আমিয়ার মাঠে খেলতে নামবে সবশেষ ম্যাচে গ্যাঁগোর কাছে হারা পিএসজি। জয়ে ফিরতে মুখিয়ে রয়েছে লিগ ওয়ানের গত আসরের চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচটিতে নেইমার ও এমবাপেকে ছাড়াই পিএসজিকে খেলতে হতে পারে। টুখেল জানিয়েছেন, দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় অনেকটাই ক্লান্ত। ভালোর কথা চিন্তা করে বিশ্রাম দেওয়া হতে পারে তাদের।

“অনুশীলনের পর আমরা দেখব নেইমার ও এমবাপে খেলতে পারে কি-না। তাদের খেলার বিষয়টা অনিশ্চিত।”

গ্যাঁগোর কাছে হেরে ফরাসি লিগ কাপ থেকে বাদ পড়ে যাওয়ায় দলের সবাই কিছুটা হতাশ বলে জানালেন টুখেল। তবে দল শীঘ্রই ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় বিশ্বাস তার।

“দলের সবাই একটু কষ্ট পেয়েছে।...তবে এখন আমাদের একটা প্রতিক্রিয়া দেখানো দরকার, যাতে আমরা হারের ম্যাচটা ভুলতে পারি।”

“সবসময় একইরকম মনের অবস্থা নিয়ে, একইরকম মনোযোগ নিয়ে আমরা ৬০ ম্যাচ খেলতে পারব না। পুরো মৌসুমে শতভাগ উজ্জীবিত থাকাটা সহজ কাজ নয়।”

চলতি লিগ ওয়ানে দারুণ ছন্দে আছে পিএসজি। এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে কোনোটিতেই হারেনি তারা। ১৫ জয় ও দুই ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে প্যারিসের ক্লাবটি।