দুই মাস চেষ্টা করেও মালয়েশিয়ার ভিসা জোগাড় করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্যারা অলিম্পিক সাঁতার দল। জুলাইয়ে মালয়েশিয়ায় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের আসর বসবে।
কুচিং শহরে প্রায় ৭০টি দেশের ৬০০ অ্যাথলেট সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন।
ইসরায়েলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটির জনগণ ও সরকার সব সময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানিয়ে এসেছে।
ইসরায়েলের অলিম্পিক কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখনো ভিসা পাইনি। আমরা আমাদের দিক থেকে চাপ প্রয়োগ করে যাচ্ছি।’
২০১৮ সালের মে মাসে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বিশাল জয় পান দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরে আসা ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ। বিশ্বনন্দিত এই রাজনীতিবিদও ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দিতে নারাজ।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার তীব্র সমালোচনা করেন মাহথির।
অস্ট্রেলিয়ার পদক্ষেপের বিরোধিতা করে তিনি বলেন, ‘ইসরায়েলের রাজধানী নয় বরং জেরুজালেম এখন যেমন আছে তেমনই থাকা উচিত।’