প্লাস্টিক দূষণের শেষ কোথায়?

আজ সর্বত্র প্লাস্টিকের ছড়াছড়ি। প্লাস্টিক দূষণ থেকে আমরা বেরিয়ে আসতে চাইলেও তা যেন সম্ভব হচ্ছে না। প্লাস্টিক দূষণের শিকার যে শুধু মানুষ হচ্ছে তা নয়, এ দূষণের শিকার হচ্ছে অন্যান্য প্রাণীও। অকালে এরা মৃত্যুর দিকে ঢলে পড়ছে। কিছুদিন আগে পত্রিকার পাতায় তিমির পেটে ছয় কেজি প্লাস্টিকের ছবিসহ খবর আমাদের ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। বিশেষ করে, যারা পরিবেশ নিয়ে ভাবেন তাদের কাছে এটা এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে সামনে এসেছে।

আমাদের নদ-নদী, খাল-বিল, জলাশয়, পুকুর, ডোবা-নালা কেবল প্লাস্টিক আর প্লাস্টিকবর্জ্যে ভরে গেছে। খাবার পানি আর কোমলপানীয়ের বোতল তো আছেই। আরও আছে নানা ধরনের খাবার-দাবার, ভোগ্যপণ্যের প্যাকেট ইত্যাদি। এ যেন এক প্লাস্টিকসভ্যতায় বসবাস করছি আমরা। দূষণ ছড়িয়ে গেছে গ্রাম থেকে গ্রামান্তরেও। এ দূষণ চলে গেছে সমুদ্রের গর্ভে। এখন সামুদ্রিক প্রাণীরাও প্লাস্টিক ভক্ষণ করতে বাধ্য হচ্ছে। আরেকটি দিক হলো সচেতনতার কথা। আমরা কি কোনোভাবেই সত্যিকার অর্থে সচেতন হয়ে কথায় নয়, নিজের জীবনে আর সমাজে সচেতনতা ছড়িয়ে দূষণের এই করাল গ্রাস থেকে আমাদের সভ্যতাকে, আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে উদ্যমী হব না?

কাজী আবু জাফর, সাহেবগঞ্জ, আত্রাই