অহনাকে হুমকি

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। গত ৯ জানুয়ারি ভোররাতে দুটি দুর্ঘটনা ঘটে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পুরান ঢাকার একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে নিজে ড্রাইভ করে উত্তরার বাসায় ফিরছিলেন অহনা। উত্তরা লেকড্রাইভ রোডের ৭ নম্বর সেক্টরে রাত সোয়া ৩টায় পাথরবোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে চাপা দেয়। অহনা উত্তেজিত হয়ে গাড়ি থেকে বেরিয়ে এসে চালককে ট্রাক থেকে নামতে বলেন। তর্কাতর্কির একপর্যায়ে চালক ট্রাক থেকে না নেমে একটু সামনে গিয়ে পেছনের গিয়ারে দিয়ে অহনার গাড়িকে আবার চাপা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে অহনা ট্রাকচালকের দরজায় উঠে গিয়ে তাকে নামতে বলেন। এ সময় চালক তার কথায় পরোয়া না করে গাড়ি চালানো শুরু করেন। অহনা তখন চালকের জানালা ধরে ঝুলতে থাকেন। ট্রাকটি ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দিতে জোরে ব্রেক করে। সামলাতে না পেরে ট্রাকটিই বাম দিকে উল্টে পড়ে যায়। অহনা ছিটকে গিয়ে পাথর কুচির ওপর পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অহনার বোন ইয়াসমিন মিতু গণমাধ্যমকে বলেন, ‘আমরা উত্তরা থানায় মামলা করেছি। এরপরই ট্রাকচালক সমিতির কয়েক নেতা হুমকি দিয়েছেন আমরা মামলা না ওঠালে অহনাকে দেখে নেবেন।’

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক হুমায়ূন কবীর বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করছি।’ এদিকে অহনার শারীরিক অবস্থা বেশ খারাপ বলে জানা গেছে। দুর্ঘটনায় তার কোমরের হাড়ের সংযোগস্থল সরে গেছে। তার পিঠও থেঁতলে গেছে এবং পাথর কুচি ঢুকে গিয়েছিল। তিনি এখন উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।