চট্টগ্রামের নাজিরহাট বাস স্টেশন-সংলগ্ন শহীদদের গণকবর এলাকায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন অভিযান পরিচালনা করে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। নাজিরহাট বাস স্টেশন-সংলগ্ন শহীদদের গণকবর এলাকা দখল করে অবৈধভাবে চার-পাঁচটি সেমিপাকা দোকান তৈরি করছেন জনৈক ব্যক্তি। চারদিকে টিনের ঘের দিয়ে রাতারাতি ভরাট করে আধাপাকা দোকান নির্মাণের কাজ চালাচ্ছিলেন তিনি। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরুল আলম, ডেপুটি কমান্ডার মো. হোসেন মাস্টার, সদস্য আবু তালেবসহ মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, হাটহাজারী মডেল থানা পুলিশ, কাটিরহাট ভূমি অফিসের তহসিলদার ও স্থানীয় জনপ্রতিনিধি।