আড়াই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথের এই রুটে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে ফেরি চলাচল শুরু হলে অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হয়।

ওই কর্মকর্তা আরও বলেন, ফেরি বন্ধ থাকার সময় উভয় ঘাটে দেড় শতাধিক যানবাহন আটকে ছিল। তবে তা দুই ঘণ্টা পর যান পারাপার স্বাভাবিক হয়ে আসে।