খাশোগির ঘাতকের সঙ্গে যুবরাজের গোপন যোগাযোগ

খাশোগি হত্যার অন্যতম মাস্টারমাইন্ড সৌদ আল-কাহতানি কোথায় আছেন তা জানেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজের সাবেক জ্যেষ্ঠ সহযোগী কাহতানি নিখোঁজ রয়েছেন এমন খবর রটানো হলেও ওয়াশিংটন পোস্ট বলছে, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সালমান।

সোর্সের নাম প্রকাশ না করে পত্রিকাটি জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখনো কাহতানির পরামর্শ মেনে কাজ করছেন।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি। মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বিয়ে সংক্রান্ত কাজে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন খাশোগি। শুরুতে তার নিখোঁজের অভিযোগ অস্বীকার করে সৌদি।

তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসের’ মুখে ১৯ অক্টোবর খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। যদিও এর সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করে।

ওয়াশিংটন পোস্টের নিরাপত্তা বিষয়ক সম্পাদক ডেভিড ইগ্নাতিয়ুস যুক্তরাষ্ট্রের এমন একজন নাগরিকের কথা উল্লেখ করেছেন, যিনি সম্প্রতি সালমানের সঙ্গে দেখা করেছেন। তার বরাত দিয়ে ইগ্নাতিয়ুস লিখেছেন, খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কাহতানি গুরুত্বপূর্ণ কাগজ প্রস্তুত করছেন।

কাহতানির বিষয়ে সৌদি প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ মন্তব্য আসে ১৫ নভেম্বর। আইনজীবীরা জানান, দেশ ত্যাগের ব্যাপারে তার ওপর নিষেধাজ্ঞা আছে।

খাশোগি হত্যার পর যুবরাজের উপদেষ্টার পদ থেকে কাহতানিকে সরিয়ে দেওয়া হয়।