ঢাকার ধামরাইয়ে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনায় স্ত্রী রোজিনা আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।
আহত স্বামী সুমন মিয়া (৩০) বালিথা গ্রামের মো. আলীর ছেলে। তিনি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তাদের আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ভুক্তভোগী সুমন মিয়া বলেন, পরকীয়ায় বাধা দেওয়ায় শুক্রবার রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয় রোজিনা। পরে রাত ১টার দিকে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিলে আমি চিৎকার করে উঠি। এসময় বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নূর হোসেন বলেন, প্রচুর রক্তপাত হওয়ায় সুমন মিয়াকে দ্রুত অপারেশন থিয়েটারে (ওটি) পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাসপাতালের ওটি ইনচার্য মো. নাছির উদ্দিন বলেন, অস্ত্রোপচার করা হয়েছে, তিনি শঙ্কামুক্ত আছেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বলেন, স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় স্ত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।