বিয়ে হয়েছে সেই কবে। দিন পেরিয়ে মাস চলে গেলেও দুজনের রোমান্টিক কোনো মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা পড়ছিল না; সচরাচর যেমনটি করে থাকেন হালের অন্য তারকারা। অবশেষে মধ্য জানুয়ারিতে এসে লাজুক দীপিকাকে দেখা গেল স্বামী রণবীর সিংয়ের প্রেমসাগরে হাবুডুবু খেতে।
শুক্রবার দীপিকার একটি ভিডিও শেয়ার করেছেন রণবীর। হাতে ওয়াইনের গ্লাস। কণ্ঠে মৃদু স্বরে সিম্বা ছবির ‘আয়ে আগা পুলিশ’ গান। এমন দৃশ্যকে রণবীর ‘মাই চিয়ারলিডার’ হিসেবে আখ্যা দিয়েছেন।
দীপিকা অন্য দিনের মতো আর চুপ থাকেননি। রিপ্লাই দিয়েছেন এভাবে, ‘তোমাকে আনন্দ দিতে তুমি এটা করিয়েছিলে।’
দীপিকা-রণবীর ছয় বছর ধরে প্রেম করেন। ২০১৮ সালে এসে নেন বিয়ের সিদ্ধান্ত। নভেম্বরের ১৪ তারিখ আনুষ্ঠানিকভাবে দুজন দুজনার হয়ে যান।
দীপিকা এখন শুটিংয়ের কাজে নিউইয়র্কে আছেন। সেখানে বসেও নিয়মিত ছবি শেয়ার করছেন অন্তর্জাল দুনিয়ায়।
দীপিকা দ্রুত নতুন ছবির কাজে হাত দেবেন। মেঘনা গুলজারের পরিচালনায় ‘চাপাক’ ছবিতে অভিনয় করবেন। ছবিটির প্রযোজকও তিনি। তার সঙ্গে থাকবেন নাগপুরের অভিনেতা বিক্রান্ত মাসসি।