দুই দশকের রেকর্ড ভাঙল ‘অচল’ ট্রাম্প সরকার

মার্কিন প্রশাসনে অচলাবস্থা দুই দশক আগের পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে। ১৯৯৫-১৯৯৬ সালে বিল ক্লিনটনের সময় প্রশাসনিক কাজকর্ম ২১ দিন বন্ধ ছিল। ট্রাম্পের আমলে সেটি ২২ দিনে গড়িয়েছে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫.৭ বিলিয়ন ডলার দাবি করছেন ট্রাম্প। কিন্তু বিরোধীদের কারণে সিনেটে সেটি পাস হচ্ছে না।

অচলাবস্থার কারণে দেশ মানবিক সংকটের দিকে অগ্রসর হলেও ট্রাম্পের খুব একটা মাথা ব্যথা নেই। রেকর্ড গড়ার পর টুইটে তিনি লিখেছেন, “আমরা দীর্ঘ সময়ের জন্য বাইরেই থাকব, যতক্ষণ না পর্যন্ত ডেমোক্র্যাটরা ‘ছুটি’ থেকে ফিরে কাজে যোগ দেয়।”

ডেমোক্র্যাটরা আবার ট্রাম্পের এই মনোভাবকে ‘বদমেজাজি’ বলে আখ্যা দিয়েছে।

ট্রাম্প দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দের জন্য ২১ ডিসেম্বর সিনেটে প্রস্তাব তোলেন। বিলটি পর্যাপ্ত ভোট না পেয়ে প্রত্যাখ্যাত হয়। এরপরই ‘ক্ষিপ্ত’ ট্রাম্প বাজেট বিলে সই করতে অস্বীকৃতি জানালে সরকারি সেবা বন্ধ হয়ে যায়।

সেই থেকে দেশটির ১৫টি সরকারি বিভাগের নয়টিই বন্ধ রয়েছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবহন ও বিচার বিভাগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

নাগরিকরা এসব মন্ত্রণালয়ের অধীনে কোনো সেবা গ্রহণ করতে পারছেন না। প্রায় ৮ লাখ আমেরিকানকে পারিশ্রমিক ছাড়া কাজ করে যেতে হচ্ছে।