‘হ্যাটট্রিক হিরো’ আলিসের বোলিং নিয়ে আম্পায়ারদেরও প্রশ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকেই গড়েছিলেন বিশ্ব রেকর্ড। টি-টোয়েন্টির অভিষেকে হ্যাটট্রিকের কীর্তি গড়েন আলিস আল ইসলাম। তার কীর্তিতে রংপুর রাইডার্সের বিপক্ষে চরম নাটকীয়তার এক ম্যাচ জিতে নেয় ঢাকা ডায়নামাইটস।

কিন্তু হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ম্যাচ জেতান আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল রংপুর। শুক্রবারের ম্যাচের নায়ক আলিস এবার অভিযুক্ত আম্পায়ারদের দ্বারাও। আম্পায়ারদের রিপোর্টেও এই বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহের কথা বলা হয়েছে।

শুক্রবার আলিসের কীর্তিতে ২ রানের নাটকীয় জয় পায় ঢাকা ডায়নামাইটস। ম্যাচ শেষে রংপুর রাইডার্স আলিসের দুসরা নিয়ে নির্দিষ্ট করে প্রশ্ন তুলেছিল। তবে আম্পায়ারদের চোখে শুধু আলিসের নির্দিষ্ট কোনো ডেলিভারি নিয়ে নয়, এই বোলারের সব ধরনের বলই প্রশ্নবিদ্ধ।

আলিস এর আগে ঢাকা প্রথম বিভাগেও সন্দেহজনক বোলিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পরে অ্যাকশন শুধরে ফেরেন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন আলিসের বিষয়ে পরবর্তী প্রক্রিয়া নিয়ে, ‘‘আমাদের বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নিয়মটা সব ঘরোয়া প্রতিযোগিতার জন্য। সে নিয়ম অনুসারে, কারও ব্যাপারে আম্পায়ার প্রশ্ন তুললে পরবর্তী ১৪ দিনের মধ্যে তাকে আমাদের সামনে পরীক্ষা দিতে হয়।’’

সেই পরীক্ষায় উতরে গেলে তো হলোই। আর না হলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আলিসকে। অ্যাকশন শুধরে ফিরতে হবে ক্রিকেটে।

বিপিএলে তৃতীয় বোলার হিসেবে অভিযুক্ত হয়েছেন আলিস। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কেভিন কুপার ও বাংলাদেশি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল।