সাভারে স্বামীকে বেঁধে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কাউন্দিয়া এলাকার যুবক রায়হান ও আলামিনসহ আরও ৩ যুবক রাতে মুদি দোকানদার ও তার স্ত্রীকে কৌশলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। পরে তারা মুদি দোকানদারকে বেঁধে রেখে তার স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করে। এছাড়া ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও ভয় দেখায়। পরে ওই নারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত রায়হানসহ আলমিনকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ অধিকারী বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।