যুবলীগ নেতা বাদশার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বরগুনা সদর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও বুড়িরচর এলাকার বাসিন্দা শামীম ইমতিয়াজ বাদশার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

রোববার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে নিহতের স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন। হাজার হাজার এলাকাবাসী শহরের প্রধান সড়ক অবরোধ করে খুনিদের ফাঁসির দাবিতে স্লোগান দেয় এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৬ নং বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সাবু প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা ঘটনায় জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন। এ সময় উপস্থিত নিহতের বাবা-মা ও স্ত্রী বাদশার খুনিদের বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ এলাকায় বাদশাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এঘটনায় নিহতের বাবা সোহরাব মৃধা ১২জনকে আসামি করে ঘটনার পরের দিন সকালে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত মামলার আসামি আল আমিনের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বাদশা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নর কামরাবাদ এলাকা সোহরাব মৃধার ছেলে।