ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী এক ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন পটুয়াখালীর ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত এই চিকিৎসক তাঁর চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে এলে রোগীদের ভিজিট ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পুরো বিশ্বকাপ জুড়ে আমার চেম্বারে চলবে বিশেষ অফার। আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ভিজিট হাফ।’
তিনি আরও উল্লেখ করেন, তাঁর চেম্বার পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকে এটিকে বিশ্বকাপ উন্মাদনার আনন্দঘন বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ চিকিৎসা সেবার সঙ্গে ফুটবল সমর্থনকে যুক্ত করাকে ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এই চিকিৎসক ব্যথা ব্যবস্থাপনা চিকিৎসাসেবাও দিয়ে থাকেন।
এ বিষয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দকে আরও ভিন্নভাবে উদযাপন করতেই এই অফারের ঘোষণা দিয়েছেন। তাঁর ভাষায়, এটি সম্পূর্ণ আনন্দ ও ফুটবলের প্রতি ভালোবাসা থেকে করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, তাঁর নিয়মিত ভিজিট ফি ছিল ছয়শো টাকা, তবে আর্জেন্টিনা জার্সি পরিহিত রোগীদের জন্য তা তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই উদ্যোগে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না; বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ভাগাভাগির একটি সুযোগ তৈরি হবে।
এদিকে তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে অনেকে ইতোমধ্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চিকিৎসা সেবার ক্ষেত্রে এমন উদ্যোগ বিরল হলেও এটি বিশ্বকাপ আমেজকে আরও প্রাণবন্ত করেছে।
বিশ্বকাপ ঘিরে বিভিন্ন জায়গায় নানা ধরনের অফার দেখা গেলেও চিকিৎসা সেবায় ফুটবল জার্সিভিত্তিক ভিজিট ফি ছাড়ের এই উদ্যোগ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
