ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকেই এ কার্যক্রম শুরু হয়। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের বহু আকাক্সিক্ষত ভারতীয় ভিসা প্রদান কার্যক্রম শুরু হওয়ায় সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।
গতকাল দুপুরে ভিসা সেন্টার এলাকায় গিয়ে দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা অনেকেই ভিসার আবেদন জমা দিতে এসেছেন।
ভিসা সেন্টারে তাপস সরকার নামে এক কর্মকর্তা জানান, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে এবং সাত কার্যদিবস শেষে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত পাসপোর্ট ফেরত দেওয়া হবে।
চট্টগ্রাম সহকারী হাইকমিশন অফিস থেকে এ কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। প্রতিদিনই গাড়ি এসে পাসপোর্ট চট্টগ্রাম নিয়ে যাবে।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সাবেক সভাপতি তানজিল আহমেদ জানান, ভিসা সেন্টারের জন্য আমরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছি। আমার দাবিতে সোমনাথ হালদারের ঘোষণা অনুসারেই আজ ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ভীষণ খুশি। এ কার্যক্রমে আমাদের ব্যবসায়ীরা দারুণভাবে উপকৃত হবে।