সিলেট সরকারি কলেজের ছাত্র ও ছাত্রলীগকর্মী সারোয়ার খান বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ দাবিতে গতকাল রবিবার তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
বিকেলে সিলেট শহরতলির মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করে।
প্রায় ঘণ্টাব্যাপী অবরোধকালে বক্তারা বলেন, সড়কে প্রতিনিয়ত প্রাণ ঝরছে। একের পর এক মায়ের বুক খালি হচ্ছে। এ জন্য কিছুদিন আগে দেশব্যাপী আন্দোলন হলেও সংশ্লিষ্টদের টনক নড়েনি। সড়কে শৃঙ্খলা ফেরেনি।
বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে এমসি কলেজ, সরকারি কলেজ, স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ, আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়, শাহপরান উচ্চ বিদ্যালয় ও দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।