খুলনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

খুলনা বিভাগের ১৮ লাখ ৪৮ হাজার ৪১৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আগামী শনিবার। গতকাল রবিবার দুপুরে শহরের সামছুর সড়কের স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।  ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) পালন উপলক্ষে খুলনা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।  বিভাগের পরিচালক ডা. সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার কুণ্ড, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মো. শরিফুল ইসলাম এবং খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল আহাদ প্রমুখ। এ বছর খুলনা বিভাগে ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ৮৬ হাজার ৬১৭ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৬ লাখ ৩৯ হাজার ৮০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওই দিন সারা দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সঙ্গে ভিটামিন এ সম্পর্কে স্বাস্থ্যবার্তাও প্রচার করা হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।  শিশুদের ভরাপেটে এটি খাওয়াতে হবে। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে সারা দেশে পালন করা হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সভায় বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, জেলা প্রশাসকের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।