মেসি আর সুয়ারেসের গোলে এইবারকে রীতিমত উড়িয়ে দিলো বার্সেলোনা। সেইসঙ্গে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি ।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যাম্প নউয়ে লা লিগার ম্যাচটিতে ৩-০ গোলে জেতেন তারা। যার মধ্যে জোড়া করেন লুইস সুয়ারেস।
এ নিয়ে টানা ছয়বার এইবারের বিপক্ষে জয় পেল এরনেস্তো ভালভেরদের দল।
ম্যাচের ১৯তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দূর্দান্ত শটে গোল করেন সুয়ারেস।
স্প্যানিশ ফরোয়ার্ড সের্হি এনরিখের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে দশ মিনিটের মধ্যে আবার এগিয়ে যেতে পারতো বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ডি-বক্সে সুয়ারেসের ছোট পাস থেকেই নিজ গতিতে পোস্টের দিকে এগিয়ে গিয়ে গোল করেন মেসি।
এইবারের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করার সঙ্গে মেসি স্পেনের শীর্ষ প্রতিযোগিতার ৪০০ গোলের মাইলফলকও স্পর্শ করে ফেলেন।
চলতি লিগে দারুণ ছন্দে আছেন মেসি। টানা পাঁচ ম্যাচে গোলের ধারাবাহিকতা দেখা গেলো তার জাদুকরি পা থেকে। আসরে এখন পর্যন্ত ১৭তম গোল করলেন মেসি।
মেসির পরমুহূর্তে আবার প্রতিপক্ষের জালে বল জড়ান সুয়ারেস। স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রবের্তোর পাস ধরে এবারের লিগের চতুর্দশ গোলটি করেন উরুগুয়ের এ স্ট্রাইকার।
১৯ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে বার্সেলোনা।