সাভারে সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত, মহাসড়ক অবরোধ

সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের ঘটনায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার সকালের এ ঘটনায় শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এক ঘণ্টা পার হয়ে গেলেও শ্রমিকরা রাস্তা থেকে সরে না গেলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. আবুল হোসেন জানান, সকালে আমিনবাজার এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের একটি ময়লাবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন। এ ঘটনায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির লোকজনের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি ওই কারখানায় ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ময়লাবাহী গাড়ি চালকের শাস্তি দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করি। কিন্তু প্রায় আড়াই ঘণ্টা পার হওয়ার পরেও শ্রমিকরা রাস্তায় না ছাড়লে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিককে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।