খাগড়াছড়িতে গুলি করে যুব সমিতির সদস্যকে হত্যা

খাগড়াছড়ি রামগড়ে দুর্বৃত্তদের গুলিতে মোহন ত্রিপুরা (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোহন জেএসএসের (এমএন লারমা) অঙ্গ সংগঠন যুব সমিতির সদস্য।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রামগড় জগন্নাথ পাড়ায় নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়।

মোহন মাটিরাঙ্গা উপজেলার থলি চন্দ্র মহাজন পাড়ার কৃষ্ণ ত্রিপুরার ছেলে। তিনি ৫/৬ বছর আগে থেকে রামগড় জগন্নাথ পাড়ায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কে বা কারা মোহন ত্রিপুরাকে নিজ বাড়িতে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ খবর পেয়ে মোহনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে পুলিশ তাৎক্ষণিক তা জানাতে পারেনি।

এ ঘটনায় জেএসএসের (এমএন লারমা) পক্ষ থেকে ইউপিডিএফকে দায়ী করেছে।

তবে ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমা বিষয়টি অস্বীকার করে বলেন, এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হতে পারে।