আবারও বিয়ে করতে যাচ্ছি: সালমা

ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমা। নতুন বছরে নতুন করে নিজেকে সাজিয়ে নিচ্ছেন। ইতিমধ্যেই বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন এ তারকা। আজ ছিল সালমার জন্মদিন। জন্মদিনে দেশ রূপান্তরের মুখোমুখি হয়ে সাম্প্রতিক কাজসহ ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানালেন।

জন্মদিন কেমন কাটল?

এই তো বেশ ভালো কেটেছে জন্মদিন। আত্মীয়স্বজন থেকে বন্ধু-বান্ধবরা সারা দিনই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। মিডিয়ার বন্ধু-বান্ধবরাও বাসায় আসছেন। ভক্তদেরও ফোন পাচ্ছি প্রচুর। বলতে পারেন বেশ ভালোই কাটল জন্মদিন।

বিশেষ কোনো আয়োজন ছিল?

না। বিশেষ কোনো আয়োজন করিনি। এমনি বাসায় সবাই আসছে। বলতে পারেন আয়োজন না করলেও এক ধরনের আয়োজন কিন্তু হয়েই গেল।

শুনলাম দেশের বাইরে নাকি যাচ্ছেন আপনি?

হ্যাঁ। দেশের বাইরে যাব শিগগিরই। মূলত পড়ালেখার জন্যই দেশের বাইরে যাব। ইচ্ছে আছে আইন বিষয়ে পড়ব।

কোন দেশে যাবেন?

যুক্তরাষ্ট্রে যাব। সেখানেই আইন বিষয়ে পড়ালেখা করব। গানের পাশাপাশি নিজেকে ব্যারিস্টার হিসেবেও দেখতে চাই।

শুনলাম, আবারও বিয়ে করতে যাচ্ছেন?

হ্যাঁ, ঠিকই শুনেছেন। আবারও বিয়ে করতে যাচ্ছি। পড়ালেখার জন্য দেশের বাইরে যাওয়ার আগেই বিয়ে করতে চাই। তবে বিদেশে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবেই বিয়ের ঘোষণা দেব। একেবারে সংবাদ সম্মেলন করে।

পাত্র কে?

এখনো জানি না। পাত্র কে হবে? কারণ পরিবারের পক্ষ থেকে ছেলে দেখা হচ্ছে। ভালো ছেলে পেলেই ঘোষণা।

ঠিক কবে নাগাদ বিয়ে করছেন?

সঠিক দিনক্ষণ এখনই বলতে পারছি না। আর বিয়ে না হলেও আপাতত এনগেজমেন্ট করে যাব বিদেশে যাওয়ার আগে। পরিবারের পীড়াপিড়িতেই এমন সিদ্ধান্ত নিতে হলো আমাকে।

উল্লেখ্য, ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে সাধারণ মেয়ে থেকে হয়ে ওঠেন তারকা। এরপর একের পর এক ব্যবসাসফল গান উপহার দিয়ে নিজেকে তুলে ধরেন সেরাদের তালিকায়। ২০১১ সালে এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন রাজনীতিবিদ শিবলী সাদিককে। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহা জন্ম নেয়। এরপর ২০১৬ সালে সাংসারিক দ্বন্দ্বের কারণে তাদের বিচ্ছেদ হয়।