সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

কারও সঙ্গে অহেতুক ঝগড়া চাই না আমরা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার উদার পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। আমরা কারও সঙ্গে অহেতুক ঝগড়া চাই না। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে কাজ করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকা সিলেটে এসে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের একার সমস্যা নয় মন্তব্য করে নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। তাই সবাই মিলে এর সমাধান করতে হবে।

সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. মোমেন বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সিলেটের সন্তান হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমার আগে সিলেটের কৃতীসন্তান হুমায়ুন রশীদ চৌধুরী ও আবদুস সামাদ আজাদ অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমি তাদের সেই সুনামকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই।

আসন্ন ভারত সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর ভারত সরকারই প্রথম আমাদের অভিনন্দন জানিয়েছে। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই সফর হবে একটি সৌজন্য সফর। এরপরও দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করছি।

ড. মোমেন গতকাল দুপুর দেড়টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ। পরে মোটর শোভাযাত্রাসহকারে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান পররাষ্ট্রমন্ত্রী। মাজার জিয়ারত শেষে তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে চেম্বার মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।