শবরীমালা মন্দিরে নারী প্রবেশে ফের বাধা, উত্তপ্ত কেরালা

ভারতের কেরালার শবরীমালা মন্দিরের উত্তপ্ত পরিস্থিতি থামছেই না। বুধবার সকালে দুই ঋতুমতী নারী মন্দিরে প্রবেশ করতে চাইলে চরমপন্থী হিন্দু বিক্ষোভকারীদের বাধার মুখে ফিরে আসতে বাধ্য হন তারা।

বছরের শুরুতে পঞ্চাশের কম বয়সী দুই নারী শবরীমালা মন্দিরে  প্রবেশ করে ইতিহাস গড়েন। যুগ যুগ ধরে ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রাচীন এ মন্দিরে নিষেধাজ্ঞা ছিল।

মন্দিরের দরজা সব বয়সী নারীদের জন্য খুলে দিতে গত বছর দেশটির সুপ্রিম কোর্ট এক নির্দেশ জারি করে।

মন্দিরে এ দুই নারী প্রবেশের পরই রাজ্যজুড়ে বামপন্থী সরকারের সঙ্গে বিজেপিসহ হিন্দুবাদী সংগঠনগুলোর তুমুল সংঘর্ষ শুরু হয়। টানা ১২ ঘণ্টা হরতাল পালন করে কট্টরপন্থীরা। এতে সংঘর্ষে এক বিজেপি কর্মীও নিহত হয়।

এনডিটিভি জানায়, এ ঘটনার উত্তাপ প্রশমিত না হতেই বুধবার মন্দিরে প্রবেশ করতে যান অনূর্ধ্ব ৩০ এর দুই নারী। এতে তারা বাধার মুখে পড়েন বিক্ষোভকারীদের।

কনৌরের বাসিন্দা রেশমা নিশান্ত ও শানিলা সাজেশ প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এদিন ভোরে মন্দিরে পৌঁছালেও তাদের ভেতরে ঢুকতে বাধা দেয় উন্মত্ত ভক্তরা। পুরুষদের পোশাক পরে পুলিশি নিরাপত্তায় মন্দিরে গেলেও তারা ফিরে আসতে বাধ্য হন।

দুই নারীকে বাধা দিতে বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে পড়ে। টানা দুই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক ও হাতাহাতি চলে তাদের। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।