মন্ত্রী ও সাংসদদের কাছে সভা, সেমিনার এবং কমিটির বৈঠকের বিজ্ঞপ্তি দ্রুত ও সহজে পাঠাতে নতুন সফটওয়্যার কিনছে জাতীয় সংসদ। এ সফটওয়্যার দিয়ে কর্মসূচির পাশাপাশি এসএমএসের মাধ্যমে তাদের সংসদ অধিবেশন শুরুর খবরও জানিয়ে দেওয়া হবে।
জাতীয় সংসদের এক কর্মকর্তা জানান, বর্তমানে একটি ডেস্কটপ বেইজড সফটওয়্যার থেকে টেলিটকের একটি সিমের মাধ্যমে সংসদ সদস্যদের দলীয় সভা, কমিটির বৈঠক, অন্যান্য সভা এবং সেমিনারের তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হয়। কিন্তু সফটওয়্যারটি অনেক পুরনো। এমনকি এটি হালনাগাদও করা যাচ্ছে না। এ কারণে সাংসদদের রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হিসেবে উল্লেখ করে নতুন সফটওয়্যার কিনবে সংসদ।
ওই কর্মকর্তা জানান, অনেক সাংসদ পুরনো পদ্ধতি নিয়ে অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সফটওয়্যার কিনতে একটি চিঠি ইতোমধ্যে প্রশাসন শাখায় পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সফটওয়্যারটি দিয়ে এসএমএস পাঠানোর খরচ ও সময় বেশি লাগে। একই সঙ্গে ১৬০ ক্যারেক্টারের বেশি লেখা যায় না। শুধু ইংরেজিতে এসএমএস পাঠানো যায়।