নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স লেখিয়েছে লেগানেস। ম্যাচটিতে জয়ও পেয়েছে তারা। কিন্তু থামাতে পারল না রিয়াল মাদ্রিদের এগিয়ে যাওয়া। ম্যাচটিতে হেরেও কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
লেগানেসের মাঠে বুধবার রাতে রিয়ালের হারটি ১-০ গোলের। কিন্তু নিজেদের মাঠে প্রথম লেগে ৩-০ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রতিযোগিতাটির শেষ আটের টিকিট নিশ্চিত করল মাদ্রিদ শহরের ক্লাবটি।
৩০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন লেগানেসের ডেনিস উইঙ্গার মার্টিন ব্রেথওয়েট।
ম্যাচটিতে তেমন নজরকাড়া ছিল না রিয়ালের খেলা। গোলের উদ্দেশে লেগানেসের ২১টি শটের বিপরীতে তাদের শট ১২টি। এর মধ্যে চারটি শট লক্ষ্যে থাকলেও জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোপা দেল রের ১৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল।
অক্টোবরে হুলেন লোপেতেগিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর এই নিয়ে চারটি ম্যাচে হারল রিয়াল। গত পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র দুটি।